ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান
- আপডেট সময় ১২:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের বড় ছেলে নাবিল রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন দোকানপাট ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগকালে নাবিল রহমান বলেন, “গণসংযোগে এসে আমরা সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। বিশেষ করে ব্যবসায়ীদের সাড়া ছিল চোখে পড়ার মতো। আমার সঙ্গে অনেক প্রবাসীও গণসংযোগে অংশ নিয়েছেন।
তিনি বলেন, সাধারণ মানুষ একটি কথাই বারবার বলছেন—ধানের শীষের বিজয় নিশ্চিত। তবে সেই বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে হবে উল্লেখ করে নাবিল রহমান বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পরিবারের সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে পারলেই প্রমাণ হবে যে ধানের শীষই বিজয়ী হবে।
নাবিল রহমান আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বিজয়ী হলেই মৌলভীবাজার ও রাজনগরবাসীর জন্য প্রয়োজনীয় উন্নয়ন তহবিল আনা সম্ভব হবে। তিনি বলেন, “আমাদের দাদা মরহুম অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এই এলাকায় যে উন্নয়ন কাজ করে গেছেন, তার অনেক অবকাঠামো আজ ভেঙে পড়েছে। একসময় বিদেশি মানের যেসব রাস্তাঘাট নির্মাণ করা হয়েছিল, সেগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এমনকি নিজ গ্রামের রাস্তায় যেতেও মানুষকে কষ্ট পেতে হচ্ছে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি বিপুল পরিমাণে ভোট দেন, তাহলেই বিপুল পরিমাণ উন্নয়ন কাজ এই এলাকায় নিয়ে আসা সম্ভব হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাই স্বপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন।
এ সময় এম সাইফুর রহমানের ছোট ছেলে সফিউর রহমান বাবু বলেন, “ধানের শীষ বিজয়ী হলে মরহুম এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। আমার পিতা এই এলাকায় যে উন্নয়ন কাজ করে গেছেন, বিগত সতেরো বছরেও তার ধারেকাছেও কিছু হয়নি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারের আইনপুরে এসে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। “মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে এসব বাস্তবায়নের জন্য আগে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে,” বলেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আয়াছ আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব অদুদ আলম, কানাডা বিএনপি নেতা আব্দুল মোহিত নজমুল, সাউথ লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ আকন্দ, সাবেক ছাত্র নেতা ও প্রবাসী আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল করিম ঈমানী, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ সাইফুল আক্তার লিখনসহ বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দ।



















