মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
- আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার ওসমান গণির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর এলাকায় হাওর পাড়ে এ ঘটনা ঘটে।
ওসমান গণিসহ স্থানীয়দের দাবি, ছোট-বড় মিলিয়ে তার খামারে ৫০টি গরু, ৫০০ হাঁস ও ১০টি ভেড়া ছিল। ৭টি গরু পুড়ে মারা গেছে। আগুনে ঝলসে আহত অবস্থায় আশেপাশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১০টি। বাকী ৩৩টি গরু ও ভেড়াগুলোর খোঁজ মিলে নি এখনো। হাঁসগুলোও সব পুড়ে গেছে। ধ্বংস স্তুপের মাঝে তাদের কঙ্কাল গুলোই কেবল অবশিষ্ট আছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার।
স্থানীয়রা জানান, রাতে রাস্তা থেকে দেখতে পাই খামারে আগুন জ্বলছে। বাঁশ জ্বলে ঠাস ঠাস শব্দ করছে পরে মানুষ আগুন নেভাচ্ছে।
সব হারিয়ে নিঃস্ব ওসমান গণি এখন খুঁজে ফিরছেন তার বাকি গবাধিপশু গুলো। স্থানীয় নারী-পুরুষ আসছেন দেখতে। তাকে স্বান্তনা দিচ্ছেন কেউ কেউ।
খামারী ওসমান গণি বলেন, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। নামায শেষ করে আসার আগেই আমার সব শেষ হয়ে গেছে। আমি সন্দেহভাজনদের নাম পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি।
ওই এলাকায় ছোট-বড় আরো শতাধিক খামারী রয়েছেন। এসব খামারীদের মাঝেও এখন দেখা দিয়েছে আতঙ্ক। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।














