কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১
- আপডেট সময় ১১:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১৭৪ বোতল অবৈধ অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন তালসার রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা-র নেতৃত্বে একটি চৌকস দল কোটচাঁদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। দুপুর অনুমান ২:০০ ঘটিকার সময় দলটি মেইন বাসস্ট্যান্ডের তালসার রোডস্থ ‘সোনালী হোমিও হল’ নামক একটি চেম্বারে তল্লাশি চালায়।
তল্লাশিকালে বড় কার্টনের ভিতর লুকানো অবস্থায় ১৭৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে ১০০ মিলি অ্যালকোহলের লেবেল যুক্ত ছিল। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে।
অভিযান চলাকালীন মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি কোটচাঁদপুর আদর্শ পাড়ার আয়নাল হকের ছেলে মোঃ আমিরুল ইসলাম।
উদ্ধারকৃত আলামত: ১৭৪ বোতল অ্যালকোহল, যার আনুমানিক বাজারমূল্য ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ-০৫/০২/২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





















