ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় ১০:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টটা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরের এক নম্বর ওয়ার্ডের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কাশীনাথ নতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবারের নির্বাচন নিয়ে আশাবাদী। অনেক ভোটারই আশা প্রকাশ করেন, এবারে ৭৫ শতাংশের বেশি ভোট কাস্ট হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে এবারের ভোট জনগণের মাঝে এক ধরনের আনন্দ ও উৎসবের আবহ তৈরি করেছে।
এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান পিন্টু এই প্রতিবেদককে বলেন,“এবারের নির্বাচন জনগণের বহুদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে—এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি আশাবাদী, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
অন্যদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোঃ সদরুল ইসলাম বলেন,বহুদিন পরে ভোট দিতে পারছি—এটাই অনেক আনন্দের।

যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি লিডার মি. খোকন বলেন,
“নির্বাচনের জন্যই দেশে এসেছি। মানুষের এই উৎসবমুখর পরিবেশ দেখে খুব ভালো লাগছে।
নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


















