ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান
- আপডেট সময় ১০:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন তাঁর বড় মেয়ে ইঞ্জিনিয়ার আমিরা রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) মোকাম বাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন তিনি।
বাজারজুড়ে ধানের শীষের লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে চলে এ প্রচারণা। ইঞ্জিনিয়ার আমিরা রহমানের উপস্থিতিতে পুরো মোকাম বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় তিনি বলেন, “এলাকার মাটি ও মানুষের নেতা এম নাসের রহমান সবসময় সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের কথা ভেবে রাজনীতি করেছেন। মৌলভীবাজার–৩ আসনকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী এলাকায় রূপ দিতে ধানের শীষের বিজয় অপরিহার্য।
প্রচারণাকালে স্থানীয় ভোটাররা ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অনেকেই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের প্রত্যাশা ও সুষ্ঠু প্রতিনিধিত্বের আশার কথা জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মোকাম বাজারে ধানের শীষের এই প্রচারণা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।














