মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা
- আপডেট সময় ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিচয় নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলে দাঁড়িপাল্লা প্রতীকের এক প্রার্থীকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি নেতা এম এ মুকিত। তাঁর বক্তব্যে রাজনগরে বিএনপির নির্বাচনী সভা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর বক্তব্যের সঙ্গে সঙ্গে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
বক্তব্যে এম এ মুকিত বলেন, ‘আজ আমরা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর আমিরের জনসভায় দেখেছি ও শোনেছি, শুধু কুলাউড়া ও বড়লেখা আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মৌলভীবাজার–৩ আসনে যাঁকে জনতার প্রার্থী বলে প্রচার করা হচ্ছে, তাঁকে জামায়াতে ইসলামী কিংবা ১১ দলীয় জোটের পক্ষ থেকে কখনোই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ‘যেহেতু ১১ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন দেয়াল ঘড়ি প্রতীকের আহমদ বেলাল, কাজেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দেয়াল ঘড়ির সঙ্গে। কোনো ভুয়া পাল্লা মার্কার সঙ্গে নয়। ওই ভুয়া প্রার্থীর এই মৌলভীবাজার–রাজনগরে কোনো স্থান হবে না।’ এ সময় সভাস্থলে আবারও ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ মুকিত বলেন, আমরা যদি নিজেদের নিজেদের সেন্টারের দায়িত্ব নিজেরা নিই, তাহলে ধানের শীষ ও বিএনপি প্রার্থী এম নাসের রহমানের ভোটের কোনো অভাব হবে না।
তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, বিপুল ভোটের ব্যবধানে নাসের রহমানকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে ইনশা আল্লাহ।
সভায় জেলা বিএনপি, রাজনগর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















